
দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরসংলগ্ন শান্তিনগর গ্রামে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে গোয়ালঘরে পড়ে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়ির ওপর দিয়ে টানা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে কৃষক সমের আলীর গোয়ালঘরের ওপর পড়ে। এতে গোয়ালঘরে বিদ্যুতায়িত হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মহালছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মোখলেছার রহমান বলেন, ঘটনাস্থলের বিদ্যুতের খুঁটির ইনস্যুলেটর ফেটে যাওয়ার কারণে তার ছিঁড়ে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে তিনটি গরু হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক সমের আলী। আকস্মিক এ ক্ষতিতে তিনি চরম বিপাকে পড়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।