
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বাঙ্গালহালিয়ায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জনকে নিয়ে আয়োজিত দুই সপ্তাহব্যাপী কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের (৩৮ বীর) ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।
অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কুটির ও তাঁতশিল্পের প্রশিক্ষণ কাজে লাগিয়ে নারী ও তরুণেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে কাঁকড়াছড়ি, ধলিয়াপাড়া, চম্পাতলী, নোয়াপাড়া, ছাগলখাইয়াপাড়া, কুদুমছড়াপাড়া, রমতিয়াপাড়া ও বাঙ্গালহালিয়ার বিভিন্ন এলাকার ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষক মিলন চৌধুরী প্রশিক্ষণার্থীদের তাঁতের আধুনিক সরঞ্জাম ব্যবহার, সুতার মান নির্ধারণ, ববিন ও নলি তৈরি, নকশা প্রণয়ন, কাপড় বুনন এবং তাঁতযন্ত্রের রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান, কার্বারী, গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক এবং সেনা ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা জানান, প্রত্যন্ত এলাকা থেকে প্রশিক্ষণকেন্দ্রে যাতায়াতের সুবিধাসহ এ কর্মসূচি তাঁদের দক্ষতা অর্জনে সহায়তা করেছে। এ উদ্যোগের জন্য তাঁরা বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।