
মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ি কৃষিজমিতে খাদ্যশস্যের পরিবর্তে বাড়ছে তামাক চাষ। এতে একদিকে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে জনস্বাস্থ্য, বনাঞ্চল ও পরিবেশের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে রাসায়নিকের ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠের চাহিদা এবং কৃষকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও আলোচনায় এসেছে।
স্থানীয়ভাবে ধান, শাকসবজি, ডালসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের উপযোগী জমির একটি অংশে তামাক চাষ হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তামাক চাষের বিস্তার অব্যাহত থাকলে কৃষির বৈচিত্র্য কমার পাশাপাশি স্থানীয় খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তামাক চাষ, পাতা সংগ্রহ, পরিচর্যা ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত কৃষকেরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বিশেষ করে ভেজা তামাকপাতা সংগ্রহ ও পরিচর্যার সময় পাতায় থাকা নিকোটিন ত্বকের সংস্পর্শে এলে ‘গ্রিন টোব্যাকো সিকনেস’ বা সবুজ তামাকজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এ ছাড়া তামাক চাষে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক পদার্থ যথাযথ সুরক্ষা ছাড়াই প্রয়োগ করলে চর্মরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
অন্যদিকে তামাকজাত পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগের অন্যতম কারণ। ফলে তামাক উৎপাদন ও ব্যবহার—উভয় ক্ষেত্রেই জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তামাকপাতা প্রক্রিয়াজাতকরণ ও শুকানোর কাজে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। এ চাহিদা পূরণে পাহাড়ি বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহের অভিযোগ রয়েছে। এর ফলে বনভূমি সংকুচিত হওয়া, বন্য প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং জীববৈচিত্র্যরে ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তামাক চাষে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির স্বাভাবিক উর্বরতা এবং খাল, ছড়া, নদী ও জলাশয়ের পানির গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে।
স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, তামাক কোম্পানির আগাম অর্থ ও উৎপাদিত পাতা কেনার নিশ্চয়তার কারণে লামার একাংশের কৃষক তামাক চাষে আগ্রহী হচ্ছেন। দাদননির্ভর এ ব্যবস্থার ফলে অনেক কৃষক বিকল্প ফসলের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছেন বলে সংশ্লিষ্টদের অভিমত। এতে খাদ্যশস্য ও পুষ্টিকর ফসল উৎপাদনের উপযোগী জমি তামাক চাষে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব স্থানীয় খাদ্য উৎপাদন ও কৃষির বৈচিত্র্যরে ওপর পড়তে পারে।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা তামাক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্যসচিব ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, তামাক শুধু মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ নয়, পরিবেশ ও অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়। তামাক চাষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কৃষকেরা ফুসফুসের রোগ, চর্মরোগ ও দীর্ঘমেয়াদি বিষক্রিয়াসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকিতে থাকেন। অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের কারণে ক্যানসার, হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ে।
তিনি আরও বলেন, তামাক কোম্পানির প্রলোভন ও আগাম দাদনের কারণে অনেক কৃষক তামাক চাষে আগ্রহী হচ্ছেন। ফলে খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনের উপযোগী উর্বর জমি তামাক চাষের আওতায় চলে যাচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে এসব জমি তামাকের পরিবর্তে খাদ্যশস্য উৎপাদনে ফিরিয়ে আনা প্রয়োজন।
ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, লামা উপজেলাকে স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও তামাকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি এবং তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা জরুরি। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাকিলা আক্তার বলেন, রবি শস্য, শীতকালীন সবজি ও ধান চাষে সরকারি ভর্তুকিমূল্যের সার সরবরাহে যাতে কোনো সংকট তৈরি না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ নজরদারি করছে। তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে বিকল্প হিসেবে খাদ্যশস্য ও লাভজনক ফসল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে এ পর্যন্ত আটটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিকদের মতে, তামাক কোম্পানির আগাম অর্থ ও দাদননির্ভর চাষব্যবস্থার বিকল্প হিসেবে কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত, সহজ শর্তে কৃষিঋণ এবং সরকারি কৃষি প্রণোদনা বাড়ানো প্রয়োজন। শুধু তামাক চাষে নিরুৎসাহিত করলেই সমস্যার সমাধান হবে না; বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও বাজারসুবিধাও নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের অভিমত, পাহাড়, বন, কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় তামাক চাষের বিস্তার এবং এর পরিবেশগত প্রভাব নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য তামাকপাতা শুকানোর কাজে ব্যবহৃত জ্বালানির উৎস, বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ, রাসায়নিক ব্যবহারের মাত্রা এবং খাদ্যশস্য উৎপাদনের জমিতে তামাক চাষের পরিমাণ সরেজমিনে যাচাই করা প্রয়োজন।
পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সুরক্ষায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।