
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ির রামগড়ে অতিবৃষ্টি থেকে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে রামগড় পৌরসভা।
শনিবার (১১ জুলাই) ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রামগড় পৌরসভা সূত্রে জানা গেছে, দারোগাপাড়া ব্যাপ্টিস্ট চার্চ আশ্রয়কেন্দ্রে থাকা ৬টি পরিবার, পৌর এলাকার ৫৪টি, পাতাছড়া ইউনিয়নের ৬টি, রামগড় ইউনিয়নের কলসিরমুখ এলাকার ৭টি, অন্তপাড়ার ৮টি এবং পৌরসভার পাইন্দাপাড়ার ৩টি পরিবারসহ মোট ১১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
এর আগে পৌর প্রশাসক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড়ধস ও বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় পৌর প্রশাসক কাজী শামীম বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে অব্যাহত থাকবে।