
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পর্যন্ত সড়কটি স্বাভাবিক ছিল। পরে টানা বৃষ্টির কারণে পুকুরপাড়সংলগ্ন সড়কের মাটি সরে গিয়ে একাংশ ভেঙে পড়ে। ধসের পরিমাণ বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে সড়কের আরও বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পানছড়ির সঙ্গে খাগড়াছড়ি সদরের সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।
ঘটনার খবর পেয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন প্রবল বৃষ্টির মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে যাওয়ার মূল সড়কটি গতকালও স্বাভাবিক ছিল। আজ সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে এসেছি। যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন, তাই খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অবহিত করা হবে।”
এদিকে দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত সংস্কার কাজ শুরু এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।