
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ পরিদর্শক ও শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্যসেবিকা বসুন্ধরা চাকমা, মল্লিকা চাকমা, রিনা চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।