
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রধান বাজার এলাকায় ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দোকানের মালামাল ফুটপাতে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের জন্য নির্মিত ফুটপাতের বড় অংশই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে শিশু, নারী ও বয়স্কসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, অবৈধ দখল উচ্ছেদে দ্রুত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়কের দুই পাশের অনেক স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছে। বিশেষ করে হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফুটপাতে রাখা হয়েছে। এছাড়া ফুটপাতজুড়ে অস্থায়ী দোকান ও পসরা বসানোয় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফুটপাত ব্যবহার করতে না পেরে স্থানীয় কৃষকেরাও উৎপাদিত কৃষিপণ্য সড়কের ওপর বসে বিক্রি করছেন।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এক পথচারী বলেন, “ফুটপাতে হাঁটার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় অটোরিকশাচালক কবির হোসেন বলেন, “ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এর সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রীদের রাস্তার ওপরই ওঠানামা করতে হয়। বড় যানবাহন চলাচলের সময় প্রায়ই সমস্যার সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।”
পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার বলেন, “আগেও ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করলে বাজার পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”
পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন উদ্যোগ নিলে সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজন হলে উচ্ছেদ অভিযানে ইউনিয়ন পরিষদও সহযোগিতা করবে।”
এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত তদারকি এবং ফুটপাত পুনরায় দখলমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তাদের ভাষ্য, ফুটপাত পথচারীদের ব্যবহারের জন্য নির্মিত; তাই এটি দখলমুক্ত রাখা প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষেরও যৌথ দায়িত্ব।