
মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি।।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে খাগড়াছড়িতে ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে পানখাইয়াপাড়া সড়কের দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক মাস ধরে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তার পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি মো. শিমুল হোসেন, কনস্টেবল (নং-১৫১৬), বিপি নং-৯৭১৬১৯০৬৯৫। তার কর্মস্থল খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ মে ২০২৬ কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আইয়ুব আলীর অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন শিমুল হোসেন। তবে এরপর তিনি আর কর্মস্থলে যোগ দেননি।
পুলিশের তথ্য অনুযায়ী, বিভাগীয়ভাবে তাকে কর্মস্থলে যোগদানের জন্য বাড়ির ঠিকানায় একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখিয়ে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করতেন। এ ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
বর্তমানে শিমুল হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।