মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে জোরালো আহ্বান বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান  তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি রামুর হাইটুপি গ্রামের ননী বালা বড়ুয়া পরলোকে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন রামুর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন মেঘ-বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল-কাবাডির উত্তাপ লামায় বন্যহাতি করিডোরে সচেতনতা অভিযান: “সংঘাত নয়, সহাবস্থান চাই” লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে প্রথম ধাপে ১,৪৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান স্থানীয় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাজেকে চাঁদের গাড়ি উল্টে সড়ক বন্ধ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত যানচলাচল স্বাভাবিক বাঘাইছড়ি ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি; রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘোষণা ইয়াবা সহ ইসলামপুরের দু’জন আটক পাহাড়ে বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা
Notice :

নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিনের জলাবদ্ধতা, পাহাড়ি ঢল ও বর্ষা মৌসুমে জনদুর্ভোগ নিরসনে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মে) বড়ুয়া পাড়ায় সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগকে স্থানীয়রা দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট, দখল ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হতো।

প্রাথমিক পর্যায়ে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিকের মাধ্যমে খনন কাজ শুরু হয়েছে। পরবর্তীতে কাজের গতি বাড়াতে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মূল পরিকল্পনায় বাঁকখালী চিকনছড়ি খাল অন্তর্ভুক্ত থাকলেও বন বিভাগের আপত্তির কারণে সেটি পরিবর্তন করে জারুলিয়াছড়ি খালকে চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে আর কোনো জটিলতা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। কৃষিজমি, ঘরবাড়ি ও সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়দের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন,

“নাইক্ষ্যংছড়ির মানুষের দীর্ঘদিনের ভোগান্তি আমি কাছ থেকে দেখেছি। বর্ষা এলেই পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পিত উদ্যোগ জরুরি।” তিনি আরও বলেন, “শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, তা যেন জনগণের প্রকৃত কল্যাণে আসে—সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জনগণের ট্যাক্সের অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করতে হবে। খাল খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে ও সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।”

নাইক্ষ্যংছড়িকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার ধাপে ধাপে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কার্যক্রম চলমান রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ডা. মিজানুর রহমান, আমিরুল কবির রাকিব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এ দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো প্রকল্প বাস্তবায়ন হলে শুধু জলাবদ্ধতাই নয়, বন্যার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে কমে আসবে। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।