
খাগড়াছড়ি, প্রতিনিধি।
মাটিরাঙা উপজেলা কার্বারি এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা এবং কার্বারি কল্যাণ ফান্ড প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় মাটিরাঙা চৌধুরীঘাট মাল্টিপারপাস সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কার্বারি, হেডম্যান ও জন প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয় ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা চাইলা ফ্লু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাটিরাঙা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক বিকাশ ত্রিপুরা এবং দৈনিক জনবানী সিএইচটি ব্যুরো চীফ ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক যতীন বন্ধু ত্রিপুরা এবং সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হারবী ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা কার্বারি কল্যাণ ফান্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ফান্ড কার্বারিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে কার্বারিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত অতিথিরা কার্বারি ও হেডম্যানদের সামাজিক নেতৃত্ব, ঐতিহ্য রক্ষা এবং জনগণের কল্যাণে তাদের অবদানকে স্বীকৃতি দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি কার্বারিদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।