
জসিম উদ্দিন আরিয়ান, কক্সবাজার।।
কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার।
কক্সবাজার জেলা পুলিশের মে ও জুন ২০২৬ খ্রিষ্টাব্দের সেরা পারফরম্যান্সকারী পুলিশ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক পুলিশিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ।
গতকাল ২১ জুন (রবিবার) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ঈদগাঁও থানার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ওসি এটিএম শিফাতুল মাজদারের হাতে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
জানা গেছে, মে ও জুন মাসে কর্ম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ রহস্য উদ্ঘাটন, হত্যাসহ চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবার প্রতিটি সূচকে ওসি শিফাতুল মাজদার বিশেষ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তার এই সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পুলিশ এই সম্মানে ভূষিত করে।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “যেকোনো পুরস্কারই কর্মোদ্যম ও দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমার এই অর্জন ঈদগাঁও থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সুফল।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ অহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সামীম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদুত মজুমদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।