
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে সুধী সমাবেশ, মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সুধীজন ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।