
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬: মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition-SAM) শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আকাশ চৌধুরী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো: আবু তাহের রানা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, লক্ষীছড়ি উপজেলার উপজেলা সমন্বয়কারী স্বহৃদ চাকমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উল্লাহ চৌধুরী লক্ষীছড়ি উপজেলাবাসীর জন্য মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ প্রদান করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং জাবারাং কল্যাণ সমিতি কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহায়তা খাগড়াছড়ি পার্বত্য জেলার অতি দুর্গম এই জনপদ লক্ষীছড়ি উপজেলায় মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি হস্তান্তরকৃত উপকরণসমূহের যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ডা. মোঃ নাসির উল্লাহ চৌধুরী স্যাম ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার জন্য গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।