
রাঙ্গামাটির বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিলাইছড়ি থানার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবিগুলো থেকে বঞ্চিত হয়ে আসছেন। অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও নবম পে-স্কেল বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনও কার্যকর হয়নি বলে তারা অভিযোগ করেন। তবে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা আশা করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার তার বক্তব্যে বলেন, সরকার যদি দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে, তাহলে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন সম্ভব হবে।
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সমন্বয়ক ও সভাপতি চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মা ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সমাবেশ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।