
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টিশক্তিজনিত সমস্যা দূর করে মানুষের কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ‘Reading Glass for Improvement Livelihood (RGIL)’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় গ্রীন হিল এনজিও সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। VisionSpring Bangladesh-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং United Purpose ও গ্রীন হিলের যৌথ বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটির আওতায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, সহকারী সার্জন মো. শরিফ এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।
গ্রীন হিলের এক্সিকিউটিভ ডিরেক্টর যতন কুমারের সভাপতিত্বে সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন United Purpose-এর প্রজেক্ট ম্যানেজার রিপন আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর বিটু দত্ত।
সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তির সমস্যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি কর্মক্ষমতা ও আয়-রোজগারের ওপরও প্রভাব ফেলে। বিশেষ করে প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় দৃষ্টিসেবা ও রিডিং গ্লাস সহজলভ্য না হওয়ায় অনেকে নানা সমস্যার সম্মুখীন হন।
RGIL প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় ব্যক্তিদের দৃষ্টিশক্তি পরীক্ষা, রিডিং গ্লাস সরবরাহ এবং দৃষ্টিশক্তি বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর ফলে উপকারভোগীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জীবিকার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।