
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ৪ নম্বর ওয়ার্ডের কাতালশাহ পাড়ায় শাশুড়বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া সিদ্দিকার পিতা নজরুল ইসলাম (প্রকাশ একুশ কোম্পানি) জানান, প্রায় তিন বছর আগে কাতালশাহ পাড়ার আবু বক্করের ছেলে প্রবাসী ওমর ফারুকের সাথে সুমাইয়া সিদ্দিকার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তান নেই। পারিবারিক কোনো কলহ না থাকলেও শাশুড়বাড়িতে এনজিও সংস্থার ঋণ সংক্রান্ত ঝামেলার কথা জানান তিনি। দুপুর দেড়টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তিনি গিয়ে বিছানায় মেয়ের মৃতদেহ দেখতে পান।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পিতা।
ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।