
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সকল প্রকার নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজস্থলী উপজেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ইসলামপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির দিকনির্দেশনায় রাজস্থলী উপজেলা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলটি ইসলামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেলের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক মোঃ মইন উদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও মামুন খান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কেউ যদি এই শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁয়তারা করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যদি দেশে লকডাউন কিংবা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে তা শক্ত হাতে প্রতিরোধ করবে।