
ঈদগাঁও প্রতিনিধি।
মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ম্যারাথন-২৬’। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক তরুণ ও যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টায় ঈদগাহ কলেজ গেট প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে এটি মাইজ পাড়া ও জাগির পাড়া প্রদক্ষিণ করে ঈদগাঁও বাসস্টেশনে এসে শেষ হয়।
ম্যারাথন শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক হাকিম আলী এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের সার্বিক সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুফিজুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী তরুণদের মধ্য থেকে সেরা ১০ জন বিজয়ী প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ, সচেতন ও খেলাধুলামুখী করে গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।