
নিজস্ব প্রতিবেদক::
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বছরের পর বছর দায়িত্ব পালন করেও চাকরির নিশ্চয়তা নেই লাখো অস্থায়ী কর্মীর। একই প্রতিষ্ঠানে কাজ করেও বেতন, ছুটি, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধায় রয়েছেন বৈষম্যের মুখে। তাঁদের দাবি, শ্রমের মর্যাদা ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় স্থায়ীকরণসহ কার্যকর পদক্ষেপ নিক সরকার।
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ আউটসোর্সিং কর্মচারীসহ ৬ থেকে ৭ লাখ অস্থায়ী কর্মী কর্মরত রয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠনের দাবি। তাঁদের মধ্যে রয়েছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, মাস্টাররোল কর্মী, দপ্তরি কাম প্রহরী, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী। সরকারি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের বড় একটি অংশকে প্রতিনিয়ত চাকরির অনিশ্চয়তা নিয়ে কাজ করতে হচ্ছে।
দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার পরও একজন কর্মী জানেন না, তাঁর চাকরি কত দিন থাকবে। অনেক ক্ষেত্রে নিয়মিত বেতন পরিশোধ না করা, নীতিমালা অনুযায়ী ছুটি না দেওয়া, নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করা এবং সামান্য কারণে চাকরিচ্যুত করার অভিযোগ রয়েছে। বিশেষ করে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের প্রতিহিংসার শিকার হয়ে এবং বেসরকারি ঠিকাদারের ঘুষের চাহিদা পূরণ না করতে পারায় সারা দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার আউটসোর্সিং কর্মচারী বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন, যাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে নবায়ন জটিলতা ও প্রতিষ্ঠানপ্রধানদের দায়িত্ব অবহেলার কারণে প্রায় ২ থেকে ৩ হাজার আউটসোর্সিং কর্মচারীর ১ থেকে ৪ বছরের বেতন বকেয়া পড়ে আছে। ফলে কর্মক্ষেত্রের অনিশ্চয়তা ছাড়িয়ে এর তীব্র প্রভাব পড়ছে কর্মীদের পারিবারিক ও সামাজিক জীবনেও।
একজন কর্মচারীর আয়ের ওপর নির্ভরশীল থাকে তাঁর স্ত্রী-সন্তান, বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্য। মাসিক আয় বন্ধ হয়ে গেলে সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘদিন কর্মরত থাকার পরও অবসরের সময় কোনো সুনির্দিষ্ট আর্থিক নিরাপত্তা না থাকায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ, নিয়োগবিধি সংশোধন এবং প্রয়োজনীয় রাজস্ব পদ সৃজনের দাবি উঠেছে। পাশাপাশি চাকরিচ্যুত কর্মীদের স্ব-স্ব কর্মস্থলে পুনঃপদায়নের জন্য নির্বাহী আদেশ বা পরিপত্র জারি করা এবং বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। একই সঙ্গে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে সরাসরি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের চুক্তি সম্পাদন এবং বিদ্যমান নীতিমালার যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর বলেন, ‘আমাদের বিশ্বাস, বর্তমান প্রধানমন্ত্রীর মাধ্যমেই অতিদ্রুত আউটসোর্সিং কর্মচারীদের সকল বৈষম্য দূর হবে এবং চাকরি স্থায়ীকরণ হবে।’
সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক নুর আরও বলেন, ‘আমরা সরকারের কাছে কোনো অযৌক্তিক সুবিধা চাই না। আমরা চাই আমাদের শ্রমের মর্যাদা, ন্যায্য পারিশ্রমিক, চাকরির নিশ্চয়তা এবং পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। বছরের পর বছর সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেও একজন কর্মচারী যদি নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে না পারেন, তাহলে তাঁর সন্তানদের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ হবে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের মানবিক আবেদন, কয়েক লাখ কর্মচারী ও তাঁদের পরিবারের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিন। পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন।’
সংগঠনটির পক্ষ থেকে নতুন জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে আউটসোর্সিং কর্মচারীদের ক্যাটাগরিভিত্তিক সর্বোচ্চ ৬৬ হাজার থেকে সর্বনিম্ন ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো নির্ধারণ করে গেজেট প্রকাশের দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে নিয়মিত বেতন পরিশোধ, ছুটি ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভিস মনিটরিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
কয়েক লাখ কর্মীর এই সংকট নিরসনে সরকারের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনার সুযোগ রয়েছে। প্রথমত, দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের অভিজ্ঞতা, যোগ্যতা ও কর্মদক্ষতা মূল্যায়ন করে একটি বাস্তবসম্মত স্থায়ীকরণ নীতিমালা প্রণয়ন এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, আউটসোর্সিং কর্মীদের জন্য নির্ধারিত বেতন, ছুটি, মাতৃত্বকালীন সুবিধা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এ ছাড়া ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালার সংশোধনী পরিপত্র অনুযায়ী বিশেষায়িত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সরাসরি সেবা গ্রহণ চুক্তির নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা জরুরি। কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করলে বা কর্মীদের প্রতি অনিয়ম-অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই প্রতিষ্ঠানে কর্মরত মানুষের মধ্যে দায়িত্ব ও শ্রমের ভিত্তিতে ন্যায্যতা নিশ্চিত করা। স্থায়ীকরণ, বকেয়া পরিশোধ, বেতন কাঠামো ও সামাজিক নিরাপত্তার বিষয়ে একটি সুস্পষ্ট সরকারি সিদ্ধান্ত লাখো কর্মচারীর দীর্ঘদিনের অনিশ্চয়তা কমাতে পারে। এতে কর্মীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সেবার ধারাবাহিকতা ও কর্মপরিবেশও আরও সুসংহত হওয়ার সুযোগ তৈরি হবে।
একটি চাকরি শুধু একজন মানুষের জীবিকা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা। তাই আউটসোর্সিংসহ অস্থায়ী কর্মীদের বিষয়টি কেবল প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। লাখো কর্মীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ এখন তাঁদের পরিবারেরও বড় প্রত্যাশা।