
মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবনের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধায়। তবে মিছিলটি ঠিক কোন স্থানে ও কখন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর যুবলীগ নেতা আব্দুল হালিম ও রাশেদের ফেসবুক পেজ থেকে মশাল মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে জ্বলন্ত মশাল ও ব্যানার হাতে সড়কে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটিতে যুবলীগ নেতা হালিম ও ছাত্রলীগ নেতা উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে মিছিলটির সময় ও অবস্থান নিয়ে প্রশ্ন তুললেও কেউ কেউ এটি পুরোনো বা অন্য কোনো সময়ের ফুটেজ হতে পারে বলে ধারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মশাল মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।