
মে. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এক আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভেজাল খাবারের ঝুঁকি সম্পর্কে অবহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সরকার। এর আগে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হাসান বলেন, নিরাপদ খাদ্য শুধু ক্ষুধা নিবারণের মাধ্যম নয়; এটি মানুষের জীবন ও সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং মাত্রাতিরিক্ত রং ও প্রিজারভেটিভ মেশানো খাবার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যালয়ের আশপাশে বিক্রি হওয়া খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। খাবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়া, প্যাকেটজাত খাবার কেনার সময় মেয়াদোত্তীর্ণের তারিখ ও মোড়কের তথ্য যাচাই করা এবং বাড়িতে নিরাপদ খাবার তৈরিতে অভিভাবকদের সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।