
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
২৬ নভেম্বর সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সেবা সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে কোমলমতি শিশুদের মধ্যে ডিম বিতরণ ও খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কংকন চাকমা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় খীসা। এছাড়া দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও লম্বাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেবা সপ্তাহের দ্বিতীয় দিন খামারিদের গবাদিপশু ও প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালন করা হয়।
এদিকে ২৮ নভেম্বর সমাপনী দিনে খামারিদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ট্যাবলেট বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের কর্মসূচির সমাপ্তি ঘটে।
সেবা সপ্তাহের এসব কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, খামারিদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।