
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা বাঙালি পাড়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ এবং শিশুরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে আসেন।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। ১১ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।