
মো. গোলামুর রহমান ,লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদুতে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণ ও ঘটনার বিচারের দাবিতে শোক র্যালি, দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সকালে লংগদু উপজেলা সদরে শোক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকুয়াখালীর গণকবরের পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং বিচারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পিসিসিপি লংগদু উপজেলা শাখার সহসভাপতি মো. মামুনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল এবং লংগদু সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. নাসিরসহ সংগঠনের নেতাকর্মী ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর লংগদুর পাকুয়াখালী এলাকায় ৩৬ জন কাঠুরিয়াকে বৈঠকের কথা বলে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। পরে তারা হত্যার শিকার হন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দুই দিন পর সেনাবাহিনীর অভিযানে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকি ব্যক্তিদের মরদেহের সন্ধান পাওয়া যায়নি বলে স্বজনদের দাবি।
নিহতদের পরিবারের সদস্যরা দীর্ঘ ৩০ বছর পরও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটনেরও দাবি জানান তারা।