
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেটিঘাট এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
অভিযানকালে জেটিঘাট বাজারের দ্বীপ রেস্টুরেন্টের মালিক মো. সোহেলকে রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নতুনবাজারের মিজান কুলিং কর্নারের মালিক ফখরুল ইসলামকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৮ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন, কাপ্তাই স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানার এসআই মো. তানভীর সহযোগিতা করেন।
এ সময় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখাসহ অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।