
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন, এমপি প্রতিনিধি আবুল হাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজস্থলী উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। মানুষ, পৃথিবী ও বৈশ্বিক সমৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।