
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে সড়কের ওপর থাকা বিদ্যুতের তারে বাঁশবোঝাই ট্রাক আটকে যাওয়ার ঘটনায় ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিলছড়ি-বালুরচর এলাকার প্রশান্তি পার্কসংলগ্নসহ কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুর ২টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের আনসার ক্যাম্পসংলগ্ন প্রশান্তি পার্কের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, কাপ্তাই থেকে বাঁশবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাওয়ার সময় প্রশান্তি পার্কের সামনে পৌঁছালে সড়কের ওপর থাকা বিদ্যুতের তার ট্রাকে বহন করা বাঁশের সঙ্গে আটকে যায়। ট্রাকটি সামনে এগিয়ে গেলে তারে টান পড়ে সেটি ছিঁড়ে যায়। এতে ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৬৩৭৪।
ট্রাকচালক ইব্রাহিম বলেন, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে প্রশান্তি পার্কের সামনে বিদ্যুতের তারটি সড়কের তুলনায় নিচু অবস্থায় ছিল। বাঁশের সঙ্গে তারটি আটকে যাওয়ার পর ট্রাক এগিয়ে নিলে তারটি ছিঁড়ে যায়। তাঁর দাবি, সড়কের ওপর বিদ্যুতের তার নিচু অবস্থায় থাকায় চলাচলকারী যানবাহনের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।
কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে বিদ্যুতের তারে টান পড়ায় ১১ কেভি ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিভাগীয়ভাবে কাজ চলছে।
ঘটনাস্থলে থাকা কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম বলেন, ট্রাকটিতে বিপুল পরিমাণ বাঁশ ছিল। এ ধরনের পণ্য পরিবহনের সময় চালকদের বাড়তি সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে সড়কের ওপর থাকা বিদ্যুতের তার নিরাপদ উচ্চতায় রাখাও জরুরি।
এদিকে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সরঞ্জাম মেরামতের যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছে ট্রাক মালিক সমিতি।