
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে প্রান্তিক পর্যায়ে ক্যাশলেস লেনদেন উৎসাহিত করা এবং ‘এক দেশ এক কিউআর’ (বাংলা কিউআর) ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি’র পানছড়ি উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম কে এম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক মো. ইকবাল, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে ডিজিটাল ও ক্যাশলেস করতে বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহার করে সহজে ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।
এ সময় পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন, পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পানছড়ি পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার অঞ্জন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যাংকের আধুনিক গ্রাহকসেবা ও ডিজিটাল ব্যাংকিং সুবিধার বিভিন্ন দিক তুলে ধরা হয়।