
নানিয়ারচর প্রতিনিধি।।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেয় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথের সভাপতিত্বে এবং নানিয়ারচর অফিসার্স ক্লাবের সেক্রেটারি সারোয়ার কামালের সঞ্চালনায় কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুর পেয়ারা বেগম বলেন, “জীবনমুখী শিক্ষার আলোয় সাক্ষরতা দিবসের সফলতা নিশ্চিত করতে হবে। শুধু গতানুগতিক শিক্ষাই নয়, লেখাপড়ার পাশাপাশি বাস্তবজীবনে কাজে লাগে এমন জীবনমুখী শিক্ষার প্রয়োজন রয়েছে। সরকার শিক্ষার হার বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ ও দক্ষ বাংলাদেশ গড়তে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”