
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর বেতছড়ি এলাকার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মরহুম আলাউদ্দিনের পরিবারের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠন’। সংগঠনের উদ্যোগে মরহুমের শোকাহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মো. বেলাল উদ্দিন জানান, মরহুম আলাউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর অকালমৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকট ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি সংগঠনের প্রবাসী সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের নজরে আসার পর, তাঁরা মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ চপুর, সাধারণ সম্পাদক মো. রুবেল এবং ক্যাশিয়ার মো. শাকিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের এ ধরনের অসহায় ও বিপন্ন মানুষের পাশে তাদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের এই মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে মরহুমের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।