
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ
ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধ এবং উপজেলাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ পানছড়ি উপজেলা পরিষদ হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান এমপি বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার উন্নয়ন কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী, বিডি কিলেন এর কর্মী, স্কাউটের কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সকলের সমন্বিত উদ্যোগে আমরা ডেঙ্গুমুক্ত পানছড়ি গড়ে তুলবো।”
বক্তারা মশার বংশবিস্তার রোধে বাড়ির আশেপাশে জমে থাকা পানি নিষ্কাশন, নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের শুভ সূচনা করা হয়।