
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে যাচাই এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন তাঁরা।
লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা শেষ হওয়া পর্যন্ত বিজিবির নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।