
শনিবার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। ‘কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সহযোগিতায় এবং ‘মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)’-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, চিড়া, গুড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ৯০টি পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক সহায়তা অব্যাহত থাকলে দুর্গত মানুষের দুর্ভোগ কাটিয়ে ওঠা সহজ হবে।
সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।