
মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম সেনা জোনের আওতাধীন পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের একটি টহল দল কেদারঝিরি এলাকায় চংলক ম্রো (২৬) নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে আলীকদম জোন ও আলীকদম পুলিশের একটি সমন্বিত টহলদল ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচলনা করে সরেজমিনে ১,১৯০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে । এছাড়া কিছু ইয়াবা ভাঙা অবস্থায় পাওয়া যায়, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্ত অতিক্রম করে দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে ইয়াবার চালানটি তার কাছে পৌঁছে দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং মাদক চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
অভিযান শেষে জব্দকৃত ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত চংলক ম্রোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
আলীকদম সেনা জোন কমান্ডার জানান, দুর্গম সীমান্তবর্তী এলাকাকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার রোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।