November 24, 2026, 2:20 pm
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে নারী নির্যাতন প্রতিরোধে ৯ দফা দাবি, হাসপাতালে বিশেষ সেল প্রতিষ্ঠার আহবান

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু সচেতনতামূলক কর্মসূচি নয়, প্রয়োজন কার্যকর প্রাতিষ্ঠানিক পরিবর্তন—এমন দাবি তুলে ধরে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৬ উপলক্ষে ৯ দফা দাবি ঘোষণা করেছে স্থানীয় নারী অধিকার ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে গঠিত উদযাপন কমিটি। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটি কার্যকর করা, খাগড়াছড়ি সদর হাসপাতালে জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য বিশেষ জরুরি সেবাকক্ষ প্রতিষ্ঠা, মাতৃভাষায় আইনি সহায়তা এবং অপরাধীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় আনা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি ও ১৬ দিনের কর্মসূচি তুলে ধরা হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জেলায় বিভিন্ন সচেতনতামূলক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করুন’।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মী নিধি চাকমা। তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ক্ষমতার অসমতা, লিঙ্গবৈষম্য, পিতৃতান্ত্রিক মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশ। সহিংসতার শিকার হওয়ার পরও অনেক নারী ও শিশুকে অপরাধীর পরিবর্তে নিজেদের পোশাক, চলাফেরা, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সামাজিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। সামাজিক অপবাদ, ভয়ভীতি ও বিচারিক দীর্ঘসূত্রতা তাঁদের ন্যায়বিচার পাওয়ার পথ আরও কঠিন করে তোলে।

লিখিত বক্তব্যে বলা হয়, সহিংসতার দায় কখনোই ভুক্তভোগীর নয়, সম্পূর্ণ দায় অপরাধীর। নারীর নিরাপত্তার অজুহাতে তাঁর স্বাধীনতা, চলাফেরা ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিয়ন্ত্রণ করা সমাধান হতে পারে না। বরং নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের চ্যালেঞ্জ আরও জটিল উল্লেখ করে বলা হয়, দুর্গম ভৌগোলিক অবস্থান, স্বাস্থ্য ও সুরক্ষাসেবার সীমিত প্রাপ্যতা, সামাজিক-সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এবং বিচারপ্রাপ্তির জটিলতার কারণে প্রত্যন্ত অঞ্চলের নারীরা বেশি সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে সহিংসতার শিকার ব্যক্তিদের জরুরি চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় আয়োজক কমিটি নয় দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাপ্রতিষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কমিটিগুলোকে নিয়মিত সভা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগের মাধ্যমে কার্যকর করা; খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরাপদ ও গোপনীয় পরিবেশে চিকিৎসা, প্রাথমিক মনোসামাজিক সহায়তা এবং আইনি সেবায় রেফারেলের জন্য জেন্ডারভিত্তিক সহিংসতা জরুরি সাড়াদান কক্ষ (জিবিভি ইমার্জেন্সি রেসপন্স রুম) প্রতিষ্ঠা করা।

এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় করা, ভুক্তভোগীদের জন্য সমন্বিত চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য মাতৃভাষায় সেবা ও আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ জন্য হাসপাতাল, থানা, আদালত ও আইনি সহায়তা কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত দোভাষী নিয়োগ এবং মাতৃভাষায় তথ্য ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

পাশাপাশি বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীকে দোষারোপ ও সামাজিক অপবাদের সংস্কৃতি বন্ধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আয়োজকেরা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু নারী সংগঠন, উন্নয়ন সংস্থা কিংবা স্বেচ্ছাসেবকদের একার নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। প্রতিরোধ কমিটি কেবল কাগজে-কলমে নয়, বাস্তবে কার্যকর করতে হবে। হাসপাতালেও শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন নিরাপদ ও নির্দিষ্ট সেবাকক্ষ।

এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে মানববন্ধন ও সেমিনার। ৩০ নভেম্বর বিকেলে খাগড়াপুরের উইমেন রিসোর্স সেন্টারে দক্ষিণ এশীয় নারী দিবস উপলক্ষে নারী অধিকারকর্মী কমলা ভাসিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হবে।

৪ ও ৫ ডিসেম্বর একই কেন্দ্রে সহিংসতার শিকার নারীদের কেস ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে খাগড়াছড়ি সদরে সাইকেল র‍্যালি এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনের মধ্য দিয়ে পক্ষের কর্মসূচি শেষ হবে।

প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য ও উইমেন রিসোর্স নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী নমিতা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য ও তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা এবং কমিটির সদস্য ও মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী ত্রিণা চাকমা।

উদযাপন কমিটির আহ্বায়ক ও কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কেএমকেএসের কর্মী পিংকি বড়ুয়া। এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির মল্লিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে এবং উইমেন হেডম্যান-কারবারি নেটওয়ার্ক, এএলআরডি, বিএনপিএস, তৃণমূল, আলাম, আগাপে, কবিদাং, জাবারাং, বাদাবন সংঘ, নারীপক্ষ দুর্বার নেটওয়ার্ক, ওয়াফ ও ওয়াইডব্লিউসিএসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা