
কাপ্তাই প্রতিনিধি।।
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুম কিন্নরীতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদসহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়াই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। তারা এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সহকারী শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।