
সোয়েব সাঈদ, রামু ।।
কক্সবাজারের রামু উপজেলার একটি রাবার বাগানের পাহাড়ি এলাকায় অটো মিশুক চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় দুই মাস তদন্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতাররা হলেন উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল এলাকার আব্দু শুক্কর (৩৮), হোছন (১৯) এবং রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গুরা মনিয়া (২২)।
পুলিশ জানায়, গত ৯ মার্চ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার বাসিন্দা ও অটো মিশুক চালক শামসুল আলমকে মালামাল পরিবহনের কথা বলে ভাড়া করেন অভিযুক্তরা। এক হাজার ২০০ টাকার চুক্তিতে তাকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকার নির্জন পাহাড়ি স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে গাড়ির চাবি দিতে অস্বীকৃতি জানালে শামসুল আলমকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহ ফেলে রেখে অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরদিন ১০ মার্চ স্থানীয়রা রাবার বাগান কারখানার পেছনের পাহাড়ি ঝিরি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পরিবারের সদস্যরা শামসুল আলমকে শনাক্ত করেন।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, এ ঘটনায় ১২ মার্চ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই শওকত জামিল তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর ছিনতাই হওয়া অটো মিশুকটি কোটবাজার এলাকায় এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির টাকা অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তবে এখনো গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামসুল আলম দুই সন্তানের জনক ছিলেন। অটো মিশুক চালিয়েই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
এ ঘটনায় নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে রামু এলাকায় চালক হত্যা ও যানবাহন ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।