
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত অন্তত দুটি সরকারি ঘর অবৈধভাবে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মূল নকশা পরিবর্তন করে অতিরিক্ত সরকারি জমি দখলের ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর নির্ধারিত সুবিধাভোগীদের পরিবর্তে অন্যদের কাছে হস্তান্তর বা বিক্রির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এতে প্রকৃত ভূমিহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি পুনর্বাসন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, কিছু সুবিধাভোগী সরকারি অনুমোদিত নকশা উপেক্ষা করে ঘরের কাঠামো পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে ব্যবহার করছেন। এতে কলোনির পরিকল্পিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশ্রয়ণ প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।