
মো.জয়নাল আবেদীন বান্দরবান, আলীকদম প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৩৬টি, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭টি এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নেওয়া ২২টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ ছাড়া বন্যাকবলিত এলাকার পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজখবর নেওয়া, পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে সহায়তা প্রদান এবং প্রয়োজন হলে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আলীকদম ব্যাটালিয়ন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ত্রাণ বিতরণকালে আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।