
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূরসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ৯০০ কৃষক এ কর্মসূচির সুবিধা পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।