
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি।
সভায় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এছাড়া মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, কাচালং সরকারি কলেজের প্রভাষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ, সদস্য পলাশ চাকমা ও রুমি আক্তার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের বর্তমান পাঠদান কার্যক্রম, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, একটি আধুনিক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।