
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলতি মৌসুমে দেশব্যাপী আট লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপনের নির্দেশনায় এবং লামা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্যসচিব আমির হোসেনের সমন্বয়ে ফাইতং ইউনিয়ন কৃষকদল এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লামা উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ফাইতং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, সদস্যসচিব বিপ্লব হায়দার রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন শামীম, ফাইতং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নবাব মিয়া রাজু, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা আক্তার, ফাইতং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদল, ছাত্রনেতা শরিফুল ইসলাম, ফাইতং ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আমজাদ হোসেনসহ কৃষকদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও জানান, বর্ষা মৌসুমে ফাইতং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদেরও বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।