
সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং আসন্ন জাতীয় দিবসগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
সভায় ইউএনও ফারহানা নাসরিন বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনুতোষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।