
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও লংগদু সেনা মৈত্রী বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
এ সময় তিনি বলেন, একটি চারা ভবিষ্যতে পরিণত বৃক্ষে রূপ নিয়ে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা উচিত।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিতরণকৃত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।