
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জশনে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত, খাগড়াছড়ি-এর উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ জশনে জুলুসের শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট বিল্ডিং হয়ে চেঙ্গী স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রাজা এবং সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ সাজ্জাদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।