
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটতলী হাজীপাড়া এলাকায় থৈচা মারমার দোকানের সামনে ইটের রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. পারভেজ হোসেন (১৯), পিতা-মৃত বাহার মিয়া, মো. মজিব হোসেন (২০), পিতা-মৃত আবুল খায়ের এবং মো. সাফায়েত হোসেন (১৯), পিতা-দুলাল আলম। তারা সবাই গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের বটতলী হাজীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় গুইমারা থানার মামলা নং-০২, তারিখ ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর গ্রেফতার তিন আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।