
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির দাবি, এ এলাকায় এটিই প্রথম ক্রিস্টাল মেথ বা আইস জব্দের ঘটনা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।
তবে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি থামার ভান করে গতি কমানোর পর হঠাৎ ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর মোটরসাইকেল আরোহীরা মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার একটি সরু সড়কে প্রবেশ করেন। বৃষ্টি, কাদা, অন্ধকার ও দুর্গম পথের সুযোগ নিয়ে তারা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের গহিন জঙ্গলে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকের পরিমাণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।