
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মাটিরাঙ্গা থানার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
মাটিরাঙ্গার ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটিরাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়।