
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সড়ক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের মাছ চাষী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর, ডোবা ও জলাশয়ে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। সবশেষে উপজেলার তিনজন মৎস্য চাষী ও উদ্যোক্তাকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।