
মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
আসন্ন সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি মোকাবিলা এবং পার্বত্য খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের সভাপতিত্বে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় খাগড়াছড়ি রিজিয়নের কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি-এর প্রতিনিধি, সকল জোন কমান্ডার, পুলিশ সুপার, এপিবিএন ও জেলা প্রশাসকের প্রতিনিধি, আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক, এনএসআই খাগড়াছড়ির যুগ্ম পরিচালক, এফআইডি, আরআইবি এবং শাখা এফআইইউ-এর প্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন।
সভায় আসন্ন সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বিতভাবে তথ্য আদান-প্রদান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত কার্যক্রম জোরদার, সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং আন্তঃসংস্থা সমন্বয় আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে সাড়া দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভার মাধ্যমে আসন্ন সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।